নিউইয়র্কের মেয়র নির্বাচনে ট্রাম্পের অপ্রত্যাশিত সমর্থন অ্যান্ড্রু ক্যুমোকে ভোট দেওয়ার আহ্বান
নিউইয়র্কের মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগের রাতে প্রকাশিত তার এক জোরালো বার্তায় ট্রাম্প নিউইয়র্কবাসীদের উদ্দেশে বলেন,
“আপনি ক্যুমোকে ব্যক্তিগতভাবে পছন্দ করুন বা না করুন, আপনার কোনো বিকল্প নেই—তাকে ভোট দিন এবং আশা করুন সে ভালোভাবে কাজ করবে।”
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এই বার্তাটি পোস্ট করেন। তিনি আরও লেখেন, ক্যুমো “এটা করতে সক্ষম”, কিন্তু ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি ‘নন’!”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই অপ্রত্যাশিত সমর্থন ক্যুমোর জন্য যেমন ডেমোক্র্যাট ভোটারদের মাঝে ক্ষতির কারণ হতে পারে, তেমনি রিপাবলিকান সমর্থকদের কাছ থেকে কিছুটা সুবিধাও এনে দিতে পারে—বিশেষ করে ডেমোক্র্যাট-প্রভাবিত নিউইয়র্ক সিটিতে।
ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি, যিনি জুন মাসের প্রাইমারিতে ক্যুমোকে চমকে দিয়েছিলেন, নির্বাচনী প্রচারণায় বারবার ক্যুমোর সঙ্গে ট্রাম্পের সম্পর্কের বিষয়টি তুলে ধরে ভোটারদের সতর্ক করেছেন। তিনি দাবি করেছেন,
“আমি নিউইয়র্ক ও ওয়াশিংটনের ক্ষমতাধর স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে লড়ব।”
অন্যদিকে ট্রাম্প দীর্ঘদিন ধরেই ৩৪ বছর বয়সী সমাজতান্ত্রিক প্রার্থী মামদানিকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়ে আসছেন। সোমবার তিনি আবারও সতর্ক করে বলেন,
“যদি মামদানি জয়ী হন, তবে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল আইনে যা ন্যূনতমভাবে প্রয়োজন, তার বেশি দেওয়া হবে না।”