নির্বাচনে ভুয়া খবর ছড়ানো কঠোর অপরাধ, নতুন আইন ঘোষণা
ডিজিটাল যুগে নির্বাচনের সময় ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া সরকারিভাবে গুরুতর অপরাধ হিসেবে স্বীকৃত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে সম্প্রতি ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ (আরপিও) কার্যকর করা হয়েছে।
নতুন সংযোজন ৭৩(ক) ধারায় বলা হয়েছে, মনোনয়ন বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ফলাফল সরকারি গেজেটে প্রকাশের আগে, কোনো ব্যক্তি বা সংস্থা যদি জেনে-বুঝে কোনো প্রার্থী, রাজনৈতিক দল বা নির্বাচন কমিশনের সুনাম ক্ষুণ্ণ করা, নির্বাচনী ফলাফল প্রভাবিত করা বা পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য, ছবি, ভিডিও, অডিও বা অন্য কোনো কনটেন্ট তৈরি, প্রকাশ বা প্রচার করে, তবে তা দুর্নীতিপূর্ণ আচরণ হিসেবে গণ্য হবে।
অপরাধের শাস্তি হিসেবে ধারা অনুযায়ী সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সরঞ্জাম, স্বয়ংক্রিয় বট, ভুয়া অ্যাকাউন্ট বা সিনথেটিক মিডিয়ার মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টকেও শাস্তির আওতায় আনা হয়েছে। আইনের আওতায়, শুধুমাত্র ব্যক্তি প্রার্থীর প্রতি নয়, পুরো নির্বাচনী প্রক্রিয়া বা জনমত প্রভাবিত করার উদ্দেশ্যেও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো শাস্তিযোগ্য হবে।