বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › উপকূলে দমকা-ঝোড়ো হাওয়া, সতর্কবার্তা জারি

উপকূলে দমকা-ঝোড়ো হাওয়া, সতর্কবার্তা জারি

favicon
অনলাইন সংস্করণ
উপকূলে দমকা-ঝোড়ো হাওয়া, সতর্কবার্তা জারি

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার (৪ নভেম্বর) অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে।


সতর্কবার্তায় বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লার ওপর দিয়ে উত্তর-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


অন্যদিকে, সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলের কাছে লঘুচাপ বিরাজ করছে এবং এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে বাংলাদেশ উপকূল বরাবর এগোচ্ছে। এর প্রভাবে উত্তরপূর্ব বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।


চট্টগ্রাম, কক্সবাজার ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।