বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › দাওরায়ে হাদিস সনদধারীদের শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের উদ্যোগ নিলেন ধর্ম উপদেষ্টা

দাওরায়ে হাদিস সনদধারীদের শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের উদ্যোগ নিলেন ধর্ম উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
দাওরায়ে হাদিস সনদধারীদের শিক্ষক ও নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের উদ্যোগ নিলেন ধর্ম উপদেষ্টা

দাওরায়ে হাদিস সনদধারীদের সরকারি বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার জন্য তিনটি আলাদা ডিও (D.O.) লেটার পাঠিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন। মঙ্গলবার (৪ নভেম্বর) তিনি শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রতিরক্ষা সচিব বরাবর এই পত্রগুলো পাঠান বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


শিক্ষা উপদেষ্টাকে পাঠানো চিঠিতে ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন, ২০১৮ সালের সেপ্টেম্বরে জাতীয় সংসদে কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (তাকমীল) সনদকে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন পাস হয় এবং তা একই দিনে সরকারি গেজেটে প্রকাশিত হয়।


তিনি বলেন, “আইন পাসের পর দীর্ঘ সময় পার হলেও কওমি শিক্ষার্থীরা এখনো এর কোনো বাস্তব সুফল পাচ্ছে না। এতে আইন প্রণয়নের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং কওমি অঙ্গনের শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে।”


চিঠিতে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ধর্ম) পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগের বিষয়ে শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেন।


একইভাবে, নিকাহ রেজিস্ট্রার লাইসেন্স প্রদানে দাওরায়ে হাদিস সনদধারীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় নিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে অনুরোধ করেন তিনি।


এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগের জন্য প্রতিরক্ষা সচিব বরাবরও আরেকটি আধা-সরকারি পত্র পাঠানো হয়েছে।


ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে ২০ হাজারেরও বেশি কওমি মাদরাসা রয়েছে, যেখান থেকে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী দাওরায়ে হাদিসের সনদ অর্জন করেন।