ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্রের তালিকা চাইল নির্বাচন কমিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সিসি ক্যামেরা স্থাপিত ভোটকেন্দ্রগুলোর একটি বিস্তারিত তালিকা দ্রুত প্রস্তুত করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাদের।
বুধবার (৬ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, প্রত্যেক জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তালিকাটি ‘নির্বাচন সহায়তা–১’ শাখায় পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্রের তালিকা হার্ডকপি ও নিকস ফন্টে সফটকপি উভয় আকারে, নির্ধারিত ছক অনুসারে জমা দিতে হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে নিরাপত্তা জোরদার ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপিত ভোটকেন্দ্রগুলোর অবস্থান ও সক্ষমতা যাচাই করা হচ্ছে।