জুলাই শহীদ মুগ্ধ’র যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলেন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র যমজ ভাই এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।
তিনি গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ গ্রহণ করেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন।
স্নিগ্ধ লেখেন, “জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের যে জোয়ার তৈরি হয়েছে, আমি তার একজন অংশীদার হতে চেয়েছি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে সামাজিকভাবে নানা কর্মকাণ্ডে যুক্ত থেকেছি, এবার রাজনৈতিকভাবে দেশের পরিবর্তনে ভূমিকা রাখতে চাই।”
তিনি উল্লেখ করেন, “আমরা কেউই রাজনীতিতে সক্রিয় ছিলাম না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের জন্য জীবন দিয়েছে। তাই আমি বিশ্বাস করি, মুগ্ধসহ সকল শহীদ কোনো দলের নয় — তারা দেশের সম্পদ।”
নিজের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে মীর মাহবুবুর রহমান বলেন, “আমার মূল আকাঙ্ক্ষা হলো জুলাই শহীদ, আহত যোদ্ধা, শহীদ পরিবার এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করা। জুলাইয়ের চেতনায় ঐক্য ও ইতিবাচক পরিবর্তন আনাই আমার লক্ষ্য।”
বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলটির রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা (২০২৩) আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি, বিএনপির প্ল্যাটফর্ম থেকে জুলাইয়ের চেতনা আরও শক্তিশালীভাবে উপস্থাপন করা সম্ভব।”
তিনি আরও জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়েছেন, আমি তরুণদের প্রতিনিধিত্ব করি। আমি মনে করি, এর মাধ্যমে জাতীয়তাবাদী দল এবং তরুণ প্রজন্মের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি হবে।”
স্নিগ্ধ বলেন, “রাজনৈতিক ঐক্যের মাধ্যমে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া আমার অন্যতম লক্ষ্য। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা চির অম্লান থাকুক।”
শেষে তিনি সবার প্রতি সহযোগিতা কামনা করে লেখেন, “আমি সবসময় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেছি। কেউ অভিযোগ করলে অনুগ্রহ করে প্রমাণসহ তুলে ধরবেন। নতুন বাংলাদেশ গঠনে সবাই মিলে গঠনমূলক সমালোচনা ও সহযোগিতাই হোক আমাদের সংস্কার।”