শাহবাগ থানার মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন
রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত।
২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ-৭১’ নামের সংগঠনের এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর পুলিশ লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন এবং মো. আব্দুল্লাহ আল আমিনসহ অন্যদের গ্রেফতার করে। পরদিন তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
জামিনের আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তারা জামিনের বিরুদ্ধে আপিল করবে।