শাহজালাল বিমানবন্দরে ১৫টি মোবাইল চুরির সময় আনসার সদস্য আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স থেকে চুরি করে পালানোর সময় জেনারুল নামের এক আনসার সদস্যকে আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেটে এ ঘটনা ঘটে।
তল্লাশিতে তার বুট জুতা, প্যান্ট ও শার্টের ভেতরে লুকানো অবস্থায় অন্তত ১৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
বিমান কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিমানের এক নিরাপত্তাকর্মী বলেন, জেনারুল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিকেলে হ্যাঙ্গার গেট দিয়ে বের হওয়ার সময় তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখা গেলে তাকে আটক করা হয়। পরে তল্লাশিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, বাইরে তার সহযোগীরা অপেক্ষা করছিলেন। তিনি মোবাইলগুলো তাদের হাতে দেওয়ার চেষ্টা করছিলেন।”