শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন—এর মানে, তিনি পুরো জাতিকেই সন্ত্রাসী আখ্যা দিয়েছেন। “সবাইকে হত্যা করে তিনি ক্ষমতায় আসতে চান,” মন্তব্য করেন তিনি।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন শফিকুল আলম। তিনি বলেন, “আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখন সিদ্ধান্ত নিতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে প্রেসসচিব জানান, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলী সক্রিয়ভাবে কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।”
সুশাসন ও সংস্কার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “মানুষ সুশাসন চায়, তবে এটি একদিনে সম্ভব নয়। অনেক দেশে সংস্কার নিয়ে ১০-১৫ বছর আলোচনা হয়েছে। নেপালে এ ধরনের সংস্কার সম্পন্ন হতে ৯ বছর লেগেছিল। আমাদের দেশেও নির্বাচনের পর এমন সংলাপ হতে পারে।”
তিনি আরও বলেন, “কেউ কেউ দাবি করছেন, জুলাই সনদে নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই—এটি সঠিক নয়। রাজনৈতিক দলগুলো সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব করে, এবং সনদেও সেসব বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।”
কর্মসংস্থান ইস্যু নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “পরবর্তী সরকারের জন্য কর্মসংস্থান তৈরি করা বড় চ্যালেঞ্জ হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।”