এ বছর মাঠের সব তাফসির মাহফিল স্থগিত করলেন মিজানুর রহমান আজহারী
জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী এ বছর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিতব্য তার সব বিভাগীয় তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে আজহারী লেখেন,
“উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।”
পোস্টের মন্তব্যে তিনি জানান, গত বছর দেশের আটটি বিভাগে সফলভাবে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। প্রতিটি মাহফিলে লাখো মানুষের উপস্থিতি ছিল, এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপক পরিশ্রম করতে হয়েছিল।
আজহারী লিখেছেন,
“বর্তমানে সারা দেশে নির্বাচনকেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে সভা-সমাবেশ ও প্রচারণা শুরু করেছে। ডিসেম্বর-জানুয়ারিতে তাদের মহাসমাবেশ হবে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব থাকবে নিরাপত্তা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন,
“এই পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে বড় কোনো তাফসির মাহফিল আয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগে এমন কোনো প্রোগ্রাম করা যুক্তিযুক্ত হবে না।”
তাই, তিনি জানান,
“সার্বিক পরিস্থিতি বিবেচনায়—উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এ বছরের বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন-পরবর্তী স্থিতিশীল পরিবেশে আমরা আবারও তাফসিরুল কুরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে মিলিত হব ইনশাআল্লাহ।”
এছাড়া তিনি জানান, বর্তমানে তিনি ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হিসেবে এর কার্যক্রমে সম্পূর্ণভাবে মনোযোগ দিচ্ছেন।
“শিক্ষাখাতে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে ফাউন্ডেশনটি কাজ করছে। তাই আপাতত এর কার্যক্রমেই নিজেকে নিয়োজিত রাখতে হচ্ছে।”
সবশেষে তিনি সবার উদ্দেশে লেখেন,
“সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাসানাহ ফাউন্ডেশনের জন্য আন্তরিক দোয়া কামনা করছি।”