সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। গতকাল সেনা সদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করা এবং পারস্পরিক সামরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার এবং পরিদর্শনের মাধ্যমে দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
এ সময় অ্যাডমিরাল নাভিদ আশরাফ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করাচি ও উত্তর আরব সাগরে অনুষ্ঠিত যৌথ মহড়া ‘এএমএএন’-এ অংশগ্রহণকারী বাংলাদেশি সেনা সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন।