রাজধানীতে নাশকতা: একাধিক বাসে আগুন, এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে আবারও নাশকতার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে দুর্বৃত্তরা একাধিক স্থানে বাসে আগুন দিয়েছে। রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি রাজধানীর অন্যান্য এলাকায়ও একই ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া মধ্যরাতে রাইদা পরিবহনের দুটি ও রাজধানী পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়।
সাম্প্রতিক কয়েকদিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে রাত ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রধান কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হন। এনসিপির নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে দুইজন সন্দেহভাজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, আগামী ১৩ তারিখে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।