১৩ নভেম্বর ঘিরে কেপিআই এলাকায় নিরাপত্তা জোরদার, জ্বালানি বিক্রি সাময়িক বন্ধ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ১৩ নভেম্বরকে সামনে রেখে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন,
“রাস্তার পাশে পরিবহণ জ্বালানি বিক্রি কয়েক দিনের জন্য বন্ধ রাখা হবে, কারণ দুর্বৃত্তরা এসব তেল অগ্নিসংযোগ বা নাশকতামূলক কাজে ব্যবহার করতে পারে।”
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান,
“১৩ নভেম্বর ঘিরে আমাদের বড় ধরনের বৈঠক হয়েছে। সে অনুযায়ী কার্যক্রম চলছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন,
“আপনাদের সহযোগিতা প্রয়োজন। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিন।”
সন্ত্রাসীরা যাতে সহজে জামিন না পায়, সে বিষয়েও বিচার বিভাগের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন,
“অনেকে অভিযোগ করেন, সন্ত্রাসীরা দ্রুত জামিন পেয়ে যায়। আমরা অনুরোধ করব, যেন এমন অপরাধীদের সহজে জামিন না দেওয়া হয়।”
১৩ নভেম্বরের নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন,
“শক্ত অবস্থান নিশ্চিত করতে প্যাট্রলিং বাড়ানো হয়েছে, কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া খোলা তেল বিক্রি সাময়িকভাবে বন্ধসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে তিনি জানান,
“নির্বাচন ঘিরে আমাদের প্রস্তুতি সন্তোষজনক। প্রস্তুতি সম্পন্ন হলে একটি নিরাপত্তা মহড়া আয়োজন করা হবে।”