পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ, নির্বাচনী আচরণবিধিতে নতুন নির্দেশনা দিল ইসি
নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, সংসদ নির্বাচনের জন্য আচরণবিধিতে মৌলিক পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, কোনো প্রার্থী বা রাজনৈতিক দলকে পোস্টার ব্যবহার করতে দেওয়া হবে না, তবে নির্দিষ্ট আকারের ফেস্টুন ও লিফলেট বিতরণ করা যাবে।
তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বিতা করলে প্রার্থী ও দল উভয়কেই আচরণবিধি ও প্রাসঙ্গিক আইন মেনে চলার অঙ্গীকারনামা দিতে হবে। স্বতন্ত্র প্রার্থীরা এককভাবে অঙ্গীকারনামা দেবেন।
৪৪ ধারা অনুযায়ী একসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না, তবে একজন প্রার্থী একাধিক সভায় আলাদাভাবে তিনটি করে ব্যবহার করতে পারবেন। ইলেকট্রনিক বা ডিজিটাল ডিসপ্লে বোর্ডও নির্দিষ্ট সীমার মধ্যে ব্যবহার করা যাবে। তবে কোনো স্থাপনা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।
ইসি জানিয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে। সংলাপের মাধ্যমে আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও সুষ্ঠু নির্বাচনের বিষয় আলোচনা করা হবে।
বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং ডিসেম্বরের প্রথমার্ধে ইসি তফসিল ঘোষণা করবে। ভোট প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, এবং অংশীজনদের সঙ্গে সংলাপও সম্পন্ন হয়েছে।