পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যা: দুই শুটারসহ পাঁচজন গ্রেফতার
রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম ঘটনার অগ্রগতি তুলে ধরবেন।
প্রসঙ্গত, গত সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত হন মামুন। আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় মুখোশ পরা দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গুলির পর মামুন দৌড়ে হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেন, কিন্তু সেখানেই তিনি পড়ে যান। গুলির পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।