গুলিস্তানে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ড, উত্তেজনা ছড়িয়েছে রাজধানীতে
রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এ আগুন লাগে বলে জানা গেছে।
ঘটনার আগে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে ১০-১৫ জনের একটি দল দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এই অবস্থান চলাকালেই হঠাৎ ভবনের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা কমে এলে বিক্ষুব্ধরা আবারও অগ্নিসংযোগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উল্লেখযোগ্য যে, গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ জনতা একই কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছিল। সেই ঘটনার পর ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে রাজপথে অবস্থান নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।