অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার অপসারণ দাবি আট দলের—জামায়াতের অভিযোগ ‘প্রশাসন দলীয়করণ’
অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। তারা অভিযোগ করেছে, এই উপদেষ্টারা প্রশাসনকে একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে দলীয়করণের উদ্যোগ নিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ভুল পথে পরিচালিত করছেন। তবে সংবাদ সম্মেলনে কোনো উপদেষ্টার নাম প্রকাশ করা হয়নি। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, নামগুলো আলাদাভাবে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে।
শুক্রবার সকালে মগবাজারের আলফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তাহের বলেন, “কয়েকজন উপদেষ্টা একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের চেষ্টা করছেন। কমপক্ষে তিন উপদেষ্টা ড. ইউনূসকে মিসগাইড করছেন। আমরা তাদের অপসারণ দাবি করছি।”
এ সময় আট দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে গণভোটের জন্য আলাদা তারিখ নির্ধারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ডা. তাহের আরও বলেন, “আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনূস বিদেশি ও অভ্যন্তরীণ চাপ এড়িয়ে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। কিন্তু গতকালের ভাষণে দেখা গেল কমিশনের সুপারিশ কাটছাঁট করে একটি বিশেষ দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, যা জনগণকে হতাশ করেছে।”
তিনি জানান, আট দলসহ আরও কয়েকটি রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে। এ জন্য তারা মাঠে প্রস্তুতি নিচ্ছে। তবে বর্তমান সরকারের আচরণে সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে তাদের মধ্যে ‘শঙ্কা ও আস্থাহীনতা’ তৈরি হয়েছে।
তাহেরের দাবি, “সরকারের পক্ষে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব বলে এখন মনে হচ্ছে না।”