‘ভালো রেজাল্টই সব নয়, ভালো মানুষ হতে হবে’—জয়পুরহাটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধুমাত্র স্বশিক্ষিত বা উচ্চ শিক্ষিত হলেই যথেষ্ট নয়; নৈতিক মূল্যবোধের অভাবে অনেকেই দায়িত্বশীল অবস্থানে থেকেও ভালো কাজ করতে পারেন না। তিনি বলেন, “আমরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করি, পিএইচডি নিই এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যাই, কিন্তু সবার নৈতিকতা থাকে না। ভালো ছাত্র হওয়া যথেষ্ট নয়, সবার আগে ভালো মানুষ হতে হবে।”
গতকাল সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিন দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সেনাপ্রধান পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন এবং অংশগ্রহণকারী ক্যাডেটদের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
দেশসেবায় নিজেদের নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি নারীর ক্ষমতায়ন নিয়েও বক্তব্য দেন। সেনাপ্রধান বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের ছাড়া দেশ উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে না। তাই নারীদের দক্ষভাবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক এবং প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আবদুল ওয়াহাবসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন