আপিল বিভাগে নির্দেশনা অমান্য করে ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতি—৮ সরকারি প্রতিষ্ঠানে লিগ্যাল নোটিশ
আপিল বিভাগের নির্দেশনা ও সরকারের নীতি লঙ্ঘন করে বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতি দেওয়ায় বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা)সহ আটটি সরকারি প্রতিষ্ঠানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে পাবলিক হেলথ ল-ইয়ার্স নেটওয়ার্ক (পিএইচএলএন)। নোটিশ পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বেজা, বিডা, পরিবেশ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ফিলিপ মরিস বাংলাদেশকে।
রবিবার এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জুয়েল সরকার, বাংলাদেশ তামাক বিরোধী জোটের সমন্বয়ক সাইফুদ্দীন আহমেদ, আর্থ ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সিইও আমিনুল ইসলাম এবং মাদকবিরোধী সংগঠন প্রত্যাশার সেক্রেটারি জেনারেল হেলাল উদ্দীনের পক্ষে।
নোটিশে বলা হয়েছে, ধূমপান ও তামাকজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং জনগণকে এসব ক্ষতি থেকে রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সংবিধানের ১৮(১) অনুচ্ছেদ জনস্বাস্থ্যহানিকর সব পণ্য নিষিদ্ধ করার ক্ষমতা রাষ্ট্রকে দিয়েছে। সেই অবস্থায় বেজা ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতি দিয়ে আদালতের নির্দেশনা ও সরকারের নীতির পরিপন্থী কাজ করেছে।
২০১৬ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দেশের তামাক ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা ও নতুন তামাক কোম্পানি কিংবা তামাকজাত পণ্য উৎপাদনের লাইসেন্স অনুমোদন না দেওয়ার নির্দেশনা দেয়। বর্তমান অনুমোদন সেই রায়েরও লঙ্ঘন বলে উল্লেখ করা হয় নোটিশে।
নোটিশে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিকোটিন পাউচকে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে অনুমোদন দেয়নি। তবুও এ ধরনের ক্ষতিকর পণ্যের অনুমতি দেওয়া জনস্বাস্থ্যের ওপর বড় হুমকি। সরকারের উচিত অনুমোদন প্রক্রিয়ায় জড়িতদের দায় নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া; নতুবা আদালত ও আইনব্যবস্থার মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে।
সরকার ইতোমধ্যে ১৮ ধরনের ই-সিগারেট ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদনকারী কারখানা অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীতে নিকোটিন পাউচ নিষিদ্ধের প্রস্তাবও রয়েছে। এমন বাস্তবতায় ফিলিপ মরিসের নিকোটিন পাউচ উৎপাদন অনুমোদন উদ্বেগজনক বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর দেশে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয় এবং অসংক্রামক রোগের ৭০ শতাংশ মৃত্যুর মূলে আছে তামাক। ২০১৮ সালে তামাক-সংশ্লিষ্ট রোগের চিকিৎসায় ব্যয় হয়েছে ৩০ হাজার ৫৭০ কোটি টাকা। তাই আপিল বিভাগের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন ও নিকোটিন পাউচ উৎপাদনের অনুমোদন বাতিল করা জরুরি।