গণঅভ্যুত্থান মামলার রায় ঘিরে সব বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামীকাল সোমবার চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও দু’জনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে। এ রায়কে কেন্দ্র করে সব নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনস পরিদর্শন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শীর্ষ কর্মকর্তা ও মাঠ প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে মোটামুটি সন্তোষজনক। আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়—এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আরও বলেন, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে ওঠে, তখন কোনো শক্তিই তাদের পথ রোধ করতে পারে না।
বরিশালের নথুল্লাবাদের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও সচেতন থাকবে।