ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৯ নভেম্বর বিএনপি–জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামী ১৯ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ১২ দলের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
সোমবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই দিন সকালে সংলাপে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনকে (এনডিএম)।
বিকেল ২টা থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বের বৈঠকে আমন্ত্রিত দলগুলো হলো— বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এ সপ্তাহের বৃহস্পতিবার, রবিবার, সোমবার ও বুধবার — এই চার দিনে মোট ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন দুটি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং আরও তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।