জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ এনসিএসএ’র
দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামির বক্তব্য প্রচার বন্ধে গণমাধ্যমকে সতর্ক করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে এমন অনুরোধ জানানো হয়।
এনসিএসএ তাদের বিজ্ঞপ্তিতে জানায়, দেশের বেশ কিছু প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যম দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি প্রচার করছে। এসব প্রচারিত বক্তব্য সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করার পাশাপাশি সরাসরি সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ উসকে দিতে পারে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দণ্ডিত ও পলাতক ব্যক্তিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর বিধান লঙ্ঘন করে। অধ্যাদেশের ধারা ৮(২) অনুযায়ী, যদি কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে এমন তথ্য প্রকাশিত হয় যা দেশের অখণ্ডতা, জনশৃঙ্খলা বা নিরাপত্তা বিঘ্নিত করে, কিংবা জাতিগত বা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় বা সহিংসতার আহ্বান জানায়— তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা অপসারণ বা ব্লক করার ক্ষমতা রাখে।
এছাড়া, ধারা ২৬(১) অনুযায়ী “ছদ্ম পরিচয়” বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতামূলক বক্তব্য প্রচার করা দণ্ডনীয় অপরাধ। ধারা ২৬(২) অনুযায়ী, এ ধরনের অপরাধের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ দশ লক্ষ টাকা অর্থদণ্ড, কিংবা উভয়দণ্ড।
বিজ্ঞপ্তির শেষাংশে এনসিএসএ গণমাধ্যমকে সতর্ক করে জানায়— সহিংসতা, বিশৃঙ্খলা বা অপরাধমূলক কার্যকলাপ উসকে দিতে পারে এমন দণ্ডপ্রাপ্ত আসামিদের যেকোনো বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে এবং সম্ভাব্য আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখতে হবে।