১৩তম জাতীয় সংসদ নির্বাচন: ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকায় এই সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী—
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন
মহিলা ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন
তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ জন
ইসি সচিব জানান, পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯%, আর মহিলা ভোটার বৃদ্ধির হার ৪.১৬%।
এদিকে তিনি আরও বলেন, নতুন দুটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং মার্কসবাদী সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরও ৭টি দলের নিবন্ধনের বিষয় পুনর্বিবেচনা চলছে।
আমজনগণ দলের বিষয়ে পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।