ডিবি কর্তৃক সিইও পিয়াস ‘তুলে নেওয়া’র অভিযোগে দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ ঘোষণা
সারা দেশে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে এমবিসিবির নেতারা অভিযোগ করেন, সুমাশটেকের প্রধান নির্বাহী এবং সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে গেছে। তারা জানান, পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে সারা দেশে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি ‘দেশ অচল’ করে দেওয়ারও হুমকি দেন বক্তারা।
পিয়াসের পরিবারের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত তিনটার দিকে মিরপুর-১ এলাকার বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যায় ডিবি। এ সময় তাঁর মোবাইল ফোনটিও জব্দ করা হয় বলে জানান স্ত্রী সুমাইয়া চৌধুরী।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এমবিসিবি জানিয়েছে, পিয়াসের মুক্তি না পাওয়া পর্যন্ত দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ রাখা হবে এবং প্রয়োজন হলে আরও কঠোর অবস্থানে যাবে তারা।