বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ভবিষ্যতের ভোটের নিরাপত্তা নিশ্চিত হবে, মৃত ভোটাররা ভোট দিতে পারবে না

ভবিষ্যতের ভোটের নিরাপত্তা নিশ্চিত হবে, মৃত ভোটাররা ভোট দিতে পারবে না

favicon
অনলাইন সংস্করণ
ভবিষ্যতের ভোটের নিরাপত্তা নিশ্চিত হবে, মৃত ভোটাররা ভোট দিতে পারবে না

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণার পর বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনরায় ফিরেছে, তবে এর গঠন আগের মতো হবে নাকি জুলাই সনদের বর্ণিত কাঠামো অনুযায়ী, তা পরবর্তী সংসদ নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়ে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন, ভোট রাতের পরিবর্তে দিনে অনুষ্ঠিত হবে এবং মৃত মানুষ ভোট দিতে পারবেন না। এভাবে দেশ গণতান্ত্রিক মহাসড়কে হাঁটা শুরু করেছে। অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন। তবে এটি কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট আপিল ও সিভিল রিভিউসমূহ সর্বসম্মতভাবে মঞ্জুর করা হয়েছে এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের রায়কে ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত উল্লেখ করে তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। আদালত উল্লেখ করেছে যে, আগের রায়ে বেশ কিছু ভুল ছিল, তাই তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ফলস্বরূপ, এর সঙ্গে সম্পর্কিত সব আপিল মঞ্জুর করা হয়েছে এবং পুনর্বিবেচনার আবেদনগুলোও নিষ্পত্তি করা হয়েছে। এই রায়ের ফলে সংবিধানের চতুর্দশ খণ্ডের ২-এ অধ্যায়, যা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কিত, সক্রিয় ও পুনরুজ্জীবিত হয়েছে। যদিও তত্ত্বাবধায়ক সরকারব্যস্থার এই পুনরুদ্ধার স্বয়ংক্রিয়ভাবে ঘটলেও, এর কার্যক্রম শর্তসাপেক্ষ; এটি তখনই কার্যকর হবে, যখন পুনরুজ্জীবিত ৫৮খ(১) এবং ৫৮গ(২) অনুচ্ছেদগুলোর বিধান কার্যকর করা হবে। এই আদালতের সিদ্ধান্ত অনুসারে, পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিত হওয়া তত্ত্বাবধায়ক সরকারের বিধানগুলো শুধুমাত্র ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে এবং অতীতের কোনো ঘটনার ওপর সরাসরি প্রভাব ফেলবে না। এর বিস্তারিত রায় বা পূর্ণাঙ্গ ব্যাখ্যা পরে প্রকাশিত হবে বলে আদালত জানিয়েছে। ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়, এরপর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকারব্যস্থা ফেরানোর জন্য নতুন আইনি লড়াই শুরু হয়।

চলতি বছরের ২৭ আগস্ট এই ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন সর্বোচ্চ আদালত মঞ্জুর করেন। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।