শেখ হাসিনা ও কামালকে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা: আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার
জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, সরকার প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করছে। আসিফ নজরুল বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা ও কামালকে ফিরিয়ে আনা জরুরি, আর সে লক্ষ্যে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। তার মতে, ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের প্রত্যাশাকে সম্মান জানানো।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেন।