সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে রাজধানীর শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সকালে তারা একে একে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে দিনের কর্মসূচি শুরু হয় ভোরে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি, স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের মাধ্যমে। এ সময় দেশের শান্তি, অগ্রগতি, সশস্ত্র বাহিনীর উন্নতি এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়াও রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিবসটি উপলক্ষে পৃথক বাণী প্রদান করেছেন।