রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া চৌধুরী হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত হয়। রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ সামশুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সমাজকর্মী জাহেদুল করিম ও মো. বখতেয়ার জানান, আগুন লাগা মাত্রই তারা পানি ও বালতি নিয়ে নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
পোড়া দোকানগুলোর মধ্যে রয়েছে—কোরবানের দোকান, মতির চায়ের দোকান, শুক্কুরের বাজেমালের দোকান এবং বাদনের ফার্নিচারের দোকান। ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের সব মালামাল সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং প্রায় ১৫–২০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাজার কমিটির সদস্য, ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
এদিকে কিছু ব্যবসায়ী অভিযোগ করেছেন, একই বাজারে একাধিক দোকানে আলাদা আলাদা জায়গা থেকে আগুনের সূত্রপাত হওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। তাদের ধারণা, দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।