যুক্তরাষ্ট্রের শান্তি-পরিকল্পনার শর্ত মেনে নেওয়ার দাবি অস্বীকার করলেন জেলেনস্কির নিরাপত্তা কর্মকর্তা
যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ২৮ দফা শান্তি-পরিকল্পনার অধিকাংশ শর্ত ইউক্রেন মেনে নিয়েছে—ওয়াশিংটনের এমন দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রুস্তেম উমেরভ। শুক্রবার তিনি স্পষ্টভাবে জানান, পরিকল্পনাটি নিয়ে তিনি কোনো আলোচনা বা সম্মতি দেননি।
সম্প্রতি মার্কিন কর্মকর্তারা দাবি করেছিলেন, রাশিয়ার বেশ কিছু মূল দাবিকে স্বীকৃতি দেওয়া এই পরিকল্পনায় ইউক্রেন রাজি হয়েছে। তাদের মতে, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী কিয়েভকে অতিরিক্ত ভূখণ্ড ছাড়তে হবে, সেনাবাহিনীর আকার কমাতে হবে এবং ন্যাটো জোটে যোগদানের আশা ত্যাগ করতে হবে। তারা আরও বলেন, পরিকল্পনাটি তৈরি হয়েছে উমেরভের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে।
তবে জেলেনস্কির ঘনিষ্ঠ মিত্র ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী উমেরভ এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র সফরে আমার ভূমিকা ছিল কেবল কারিগরি—সাক্ষাৎ নির্ধারণ এবং আলোচনার প্রস্তুতি। আমি কোনো মূল্যায়ন দিইনি, কোনো শর্ত অনুমোদন করিনি। এটি আমার ক্ষমতার আওতায় পড়ে না এবং প্রক্রিয়ার সঙ্গেও যায় না।”
এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে শান্তি-পরিকল্পনা নিয়ে বিভ্রান্তি আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।