ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন
ভূমিকম্পে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। নিহত ব্যক্তির পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় নিহত হওয়া ব্যক্তিদের পরিবারও এ সহায়তার আওতায় আসবে।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পে আহত ব্যক্তিদের চিকিৎসকের সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা দেওয়া হবে। আহত ব্যক্তি নিজে অথবা তার পক্ষে কোনো নিকটাত্মীয় কিংবা হাসপাতালে থাকা পরিচর্যাকারী জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করে এ সহায়তা নিতে পারবেন।
সহায়তার জন্য যোগাযোগ নম্বর: +৮৮০১৭০০৭১৬৬৭৮
গত শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকাসহ সারাদেশে অনুভূত হয় ভয়াবহ ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তর জানায়, এর মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল নরসিংদীতে, গভীরতা ১০ কিলোমিটার। অন্যদিকে ইউএসজিএস জানায় এর মাত্রা ছিল ৫.৫।