বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আবারও যোগ দিলেন খালেদা জিয়া

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আবারও যোগ দিলেন খালেদা জিয়া

favicon
অনলাইন সংস্করণ


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালের ৫ আগস্টের পর স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এটি ছিল তার আরেকটি গুরুত্বপূর্ণ উপস্থিতি। সেনাকুঞ্জে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তার পাশের আসনেই ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুজনই পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করেন।


অনুষ্ঠানে দুজনের মধ্যে সৌজন্য বিনিময়ও হয়। ড. ইউনূস খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তার অসুস্থ সহধর্মিণী আফরোজী ইউনূসের অবস্থা সম্পর্কে জানতে চান। এসময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শামিলা রহমানও উপস্থিত ছিলেন।


বিকেলে গুলশানের বাসা ফিরোজা থেকে সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। হুইলচেয়ারে করে তিনি অনুষ্ঠানে প্রবেশ করেন। তাঁর পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিফন শাড়ি।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসার পর জাতীয় সংগীতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। বক্তব্যের শুরুতে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।


এর কিছুক্ষণ পর উপস্থিত হন বেগম খালেদা জিয়া। মঞ্চের বাঁ দিকের প্রথম আসনটি ছিল তাঁর জন্য নির্ধারিত। পাশাপাশি বসে বর্তমান সরকারপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রীকে আলাপরত দেখা যায়।


খালেদা জিয়ার সঙ্গে একই গাড়িতে ছিলেন পুত্রবধূ শামিলা রহমান, প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার ও শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা। গাড়িবহরে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান ড. শাহাবুদ্দিন তালুকদার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।


সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়ে বিকাল সাড়ে ৫টায় তিনি বাসার উদ্দেশে রওনা হন। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান তাকে বিদায় জানান। পরে ৫টা ৩৫ মিনিটে তিনি ফিরোজায় ফিরে আসেন।