সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না উত্তরাঞ্চলে
বগুড়াসহ উত্তরাঞ্চলের বাজারে শীতকালীন সবজির সরবরাহ আগের তুলনায় বাড়লেও দাম কমেনি। প্রতিটি সবজির দাম এখনো ৬০ থেকে ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না, যা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বড় চাপ তৈরি করেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন সবজি উঠতে শুরু করলেও সাম্প্রতিক টানা বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন কমেছে, ফলে দাম কমার সুযোগ হয়নি।
গতকাল বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, খান্দার বাজার ও কলোনী বাজার ঘুরে দেখা গেছে—বাজারে নতুন সবজি উঠলেও দাম স্থিতিশীল নয়। বেগুন কেজিপ্রতি ১০০–১২০ টাকা, দেশি পেঁয়াজ ১১০ টাকা, পাতা পেঁয়াজ ৮০–১০০ টাকা, কাঁচমরিচ ১৪০–১৬০ টাকা, শিম ১২০ টাকা, ঝিংগা ৮০ টাকা, শশা–করলা–গাজর ১০০ টাকা এবং টমেটো ১৪০ টাকা বিক্রি হচ্ছে।
আলু মানভেদে ২০–২৫ টাকা, কিন্তু নতুন আলুর দাম কেজিতে ২৪০–২৫০ টাকা। পটল, ফুলকপি ও বাঁধাকপি ৫০–৬০ টাকা, মূলা ৪০ টাকা, দেশি আদা ১৬০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা এবং শুকনা মরিচ ৩০০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। একই অবস্থা উত্তরাঞ্চলের অন্যান্য জেলাতেও।
ফতেহ আলী বাজারে ডিমের হালি ৪২ টাকা, দেশি মুরগি ৫২০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা এবং ককরেল মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজাবাজারে কেনাকাটা করতে আসা সূত্রাপুর এলাকার বাসিন্দা আমজাদ হোসেন জানান, “৬০ থেকে ১০০ টাকার নিচে কোনও সবজি পাওয়া যাচ্ছে না। সরবরাহ বাড়লেও দাম কমেনি, এতে সাধারণ মানুষ খুবই বিপাকে।”
বিশেষ করে শীতের শুরুতে সবজির এমন মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটে বড় চাপ ফেলছে।