বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বঙ্গোপসাগরে আত্মবিশ্বাসী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

বঙ্গোপসাগরে আত্মবিশ্বাসী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
বঙ্গোপসাগরে আত্মবিশ্বাসী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বৈশ্বিক ভূ-রাজনৈতিক পুনর্গঠনের এ সময়ে বাংলাদেশ একটি সক্রিয়, দায়িত্বশীল ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভূমিকা রাখতে চায়। তিনি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে থাকা বঙ্গোপসাগরে বাংলাদেশ নিছক করিডর নয়, বরং আত্মবিশ্বাসী অংশীদার হিসেবে জায়গা করে নিতে চায়।


শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন–২০২৫’–এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অস্থিরতার সময়ে অনেক দেশ পক্ষ বেছে নিতে চাইছে, তবে বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত সঠিক পথ নির্বাচন করা। পরিবর্তনশীল বৈশ্বিক কাঠামোয় বাংলাদেশ জাতীয় স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং কার্যকর অংশীদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলেও তিনি মন্তব্য করেন।


তিনি উল্লেখ করেন, ইউক্রেন, গাজা, সুদান ও মিয়ানমারের মতো সংকট মোকাবেলায় বিদ্যমান বৈশ্বিক কাঠামো ব্যর্থ হয়েছে; তাই বহুপাক্ষিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলীয় লবণাক্ততা মোকাবেলায় উপকূলীয় দেশগুলোর মধ্যে সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানান তিনি।


মানবিক দায়িত্ব পালনে বাংলাদেশের ভূমিকার উদাহরণ হিসেবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের কথা তুলে ধরেন তিনি।


তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে সতর্ক করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভুয়া তথ্য, ডিপফেক ও এআই-নির্ভর প্রভাব আধুনিক কূটনীতি ও প্রশাসনকে বদলে দিচ্ছে। বাংলাদেশ তথ্যক্ষেত্র সুরক্ষায় ও নাগরিক অধিকার রক্ষায় ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে চায়।


বৈশ্বিক অর্থনৈতিক পুনর্বিন্যাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরবরাহব্যবস্থা পরিবর্তন, নিষেধাজ্ঞা এবং ঝুঁকি এড়ানোর কৌশলের কারণে বাংলাদেশকে আরো বহুমুখী হতে হচ্ছে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।


অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য দেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো—‘প্রতিদ্বন্দ্বিতা, ভাঙন, পুনর্গঠন’।