গুম-নির্যাতনের দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির, আজ অভিযোগ গঠনের দিন
গুম ও নির্যাতনের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে বিশেষ প্রিজন ভ্যানে করে তাদের আদালতে আনা হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ এই দুই মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এদিন মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
এদিকে, মামলার পরবর্তী কার্যক্রমে সশরীরে উপস্থিতির বদলে ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে আবেদন করেছে আসামিদের আইনজীবীরা।
এর আগে একই মামলাসহ জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা আরেকটি মামলাসহ তিন মামলায় মোট ২৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সেদিনই প্রসিকিউশন ফরমাল চার্জ দাখিল করে।
পরে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে ২২ অক্টোবর সকালে সাধারণ পোশাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল, পরে তাদের ঢাকা সেনানিবাসের ঘোষিত সাব-জেলে নেওয়া হয়।
গুম ও নির্যাতনের দুই মামলার পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছিল, যা ইতোমধ্যে প্রকাশ হয়েছে।
এ ছাড়া পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল-১।