নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশ তিন জোনে ভাগ: ইসি সচিব
সারা দেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিনটি জোনে ভাগ করে নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৩ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এবং কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, কমনওয়েলথ মহাসচিব দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় ইসি জানায়, তিন জোনভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ইসি সচিব জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশকে প্রয়োজনীয় যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে কমনওয়েলথ। মহাসচিব উল্লেখ করেছেন, ৫৬ সদস্য দেশের এই সংগঠন নির্বাচনী সহায়তায় সবসময় প্রস্তুত। বিশেষ করে যুক্তরাজ্যের নির্বাচন সংক্রান্ত সহায়তা নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
বৈঠকে নির্বাচনী প্রস্তুতি, অগ্রগতি এবং কারিগরি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোট অন্তর্ভুক্তির উদ্যোগকে মহাসচিব অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ৫৩ বছরে এটাই প্রথমবার প্রবাসীদের ভোট অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, নারী ভোটারদের অংশগ্রহণ, হালনাগাদ ভোটার তালিকা এবং মৃত ভোটারদের বাদ দেওয়া—এসব নিয়েও সন্তোষ প্রকাশ করেছে কমনওয়েলথ।
তথ্য বিকৃতি ও ভুয়া সংবাদ রোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমনওয়েলথ। এ বিষয়ে ইসি সচিব জানান, নির্বাচন কমিশন গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য প্রকাশ করছে এবং ভবিষ্যতে আরও বাড়ানো হবে।
বৈঠকে কমনওয়েলথ মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস ও আস্থা তৈরির গুরুত্ব তুলে ধরেন। ইসি সচিব বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাওয়া গেলে নির্বাচন আরও সফলভাবে সম্পন্ন করা সম্ভব।
উল্লেখ্য, পাঁচ দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।