বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘সেনিয়ার

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘সেনিয়ার

favicon
অনলাইন সংস্করণ
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘সেনিয়ার

সারা দেশে ভূমিকম্প আতঙ্কের মধ্যে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে নতুন একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। আগামী বুধবার (২৬ নভেম্বর) বা বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘সেনিয়ার’, যার অর্থ সিংহ। নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নভেম্বরের শেষ সপ্তাহেই ঝড়টি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া বিভাগ জানায়, গত শনিবার (২২ নভেম্বর) সৃষ্টি হওয়া নিম্নচাপটি ঘনীভূত হয়ে মালাক্কা প্রণালী ও আশপাশের আন্দামান সাগরের ওপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।


ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৪ নভেম্বর) নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এখনো কোন উপকূলে এটি আঘাত হানবে তা জানা যায়নি। আন্দামান অঞ্চলে ইতোমধ্যে ঝড়–বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।


কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আগামী পাঁচদিন তেমন পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের দার্জিলিং–ডুয়ার্স এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আকাশ স্বাভাবিকই থাকবে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি পশ্চিম–উত্তরপশ্চিমদিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় অঞ্চলেও আরেকটি লঘুচাপ সৃষ্টির ইঙ্গিত মিলেছে।