স্টামফোর্ড ব্রিজে বার্সাকে উড়িয়ে চেলসির দুর্দান্ত ৩-০ জয়
স্টামফোর্ড ব্রিজে মঙ্গলবার যেন ফিরেছিল চেলসির সেই আগ্রাসী, দাপুটে দিনের আবহ। নিস্তেজ ও ছন্দহীন বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সরাসরি শেষ-১৬–এ ওঠার সম্ভাবনা আরও শক্ত করে লন্ডনের দলটি।
ম্যাচের শুরুতেই এনজো ফার্নান্দেজ ও পেদ্রো নেতোর আক্রমণে চাপ বাড়াতে থাকে চেলসি। সেই চাপের ফল আসে ২৭ মিনিটে—কুকুরেয়ার নিচু ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করে আত্মঘাতী গোল করে বসেন জুলেস কুন্দে। এতে ১-০ তে এগিয়ে যায় ব্লুজরা।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আসে ম্যাচের সবচেয়ে বড় মোড়। কুকুরেয়াকে থামাতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক রোনাল্ড আরাউহো। ১০ জন নিয়ে বাকি সময়টা বার্সেলোনা ছুটেছে ছায়া ধরার চেষ্টা করতে করতে।
দ্বিতীয়ার্ধে চেলসির টেকনিক্যাল দক্ষতা ও শারীরিক শক্তির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। ৫৪ মিনিটে আলো ছড়ান কেবল ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও। দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত পাওয়ার শটে স্কোর ২-০ করেন তিনি—ম্যাচের সেরা গোলও ছিল এটি।
৭৩ মিনিটে এনজো ফার্নান্দেজের নিখুঁত ক্রসে লিয়াম ডিলাপের দারুণ ফিনিশে ব্যবধান দাঁড়ায় ৩-০। এর মধ্যেও চেলসির আরও তিনটি গোল অফসাইড ও হ্যান্ডবলের কারণে বাতিল হয়।
অন্যদিকে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ছিলেন পুরোপুরি ছন্দহীন। কোনো প্রভাব না ফেলতে পারায় ম্যাচের শেষ দিকে তাঁকে তুলে নেন কোচ।
এই জয়ে গ্রুপের শীর্ষ আটে উঠে চেলসি কার্যত নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে। সামনে তাদের প্রতিপক্ষ পাফোস, আতালান্তা ও নাপোলি।
অন্যদিকে বার্সেলোনাকে এখন প্লে-অফ এড়াতে ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ ও কোপেনহেগেনের বিপক্ষে বাকি তিন ম্যাচে লড়াই করতে হবে।