বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › শেখ হাসিনার নামে থাকা লকারে ৮৩৩ ভরি স্বর্ণ মিলেছে: অগ্রণী ব্যাংক লকার খুলে এনবিআরের গোয়েন্দাদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা লকারে ৮৩৩ ভরি স্বর্ণ মিলেছে: অগ্রণী ব্যাংক লকার খুলে এনবিআরের গোয়েন্দাদের তথ্য

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনার নামে থাকা লকারে ৮৩৩ ভরি স্বর্ণ মিলেছে: অগ্রণী ব্যাংক লকার খুলে এনবিআরের গোয়েন্দাদের তথ্য

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা লকারে বিপুল স্বর্ণের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় লকার খুলে পাওয়া যায় প্রায় ৮৩৩ ভরি স্বর্ণালংকার।


সিআইসি জানায়, অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করা হয়। এর মধ্যে ৭০১ নম্বর লকার থেকে উদ্ধার হয় ৪,৯২৩.৬০ গ্রাম স্বর্ণ এবং ৭৫৩ নম্বর লকার থেকে পাওয়া যায় ৪,৭৮৩.৫৬ গ্রাম স্বর্ণ। মোট ৯,৭০৭.১৬ গ্রাম স্বর্ণ, যা প্রায় ৮৩২.৫১ ভরি।


এর পাশাপাশি সেদিনই পূবালী ব্যাংকের আরেকটি লকারও খোলে সিআইসি, যদিও সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি।


গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। রায়ে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়। আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সম্পদ ব্যবহারের নির্দেশ দেন আদালত।


এর আগে গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দেয়। সেই প্রেক্ষিতেই সিআইসি বিভিন্ন ব্যাংকে থাকা লকার ও হিসাব জব্দ করে।


গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকার ও দুইটি ব্যাংক হিসাব জব্দ করা হয়। এফডিআরে পাওয়া যায় ১২ লাখ টাকা এবং অন্য হিসাবে ৪৪ লাখ টাকা, যা একই আদেশে জব্দ করা হয় ও উত্তোলন নিষিদ্ধ করা হয়।