তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা আরও উন্নত হবে: সিইসি নাসির উদ্দিন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার দাবি, ৫ আগস্টের পর থেকে সার্বিক পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকটাই ভালো রয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর বিজিবি সদর দফতরে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, নির্বাচনকে সামনে রেখে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য বিভিন্ন অঞ্চলকে রেড, ইয়েলো এবং গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে।
তিনি আরও বলেন, পুলিশ, আনসার, বিজিবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন, যা নির্বাচনী নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।
নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।