সচিবালয়ে প্রবেশে সতর্কতা: অপরিচিতদের ওটিপি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে নতুন সতর্কবার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপরিচিত কিংবা সন্দেহভাজন ব্যক্তিদের কাছে কোনো অবস্থাতেই ওটিপি (ওয়ান-টাইম পাসওয়ার্ড) প্রদান না করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবদের একান্ত সচিবরা সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের ওটিপি দিয়ে থাকেন। সম্প্রতি দেখা গেছে, এই ওটিপি নিয়ে কিছু দর্শনার্থী ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, যা সচিবালয়ের কর্মপরিবেশ ব্যাহত করছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তিও তৈরি করছে।
এ পরিস্থিতিতে দর্শনার্থী যাচাই-বাছাই করে ওটিপি প্রদানের ওপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়—
পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ওটিপি প্রদান থেকে বিরত থাকতে হবে। অপরিচিত, স্বল্পপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।