বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › রাজউকের প্লট দুর্নীতি মামলায় আজ রায়: শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে তিন মামলার বিচারকাজের চূড়ান্ত ঘোষণা

রাজউকের প্লট দুর্নীতি মামলায় আজ রায়: শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে তিন মামলার বিচারকাজের চূড়ান্ত ঘোষণা

favicon
অনলাইন সংস্করণ
রাজউকের প্লট দুর্নীতি মামলায় আজ রায়: শেখ হাসিনা ও পরিবারের বিরুদ্ধে তিন মামলার বিচারকাজের চূড়ান্ত ঘোষণা

রাজউকের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের তিনটি মামলার রায় আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন।


রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে আনা হয়েছে। দুদকের আইনজীবীরাও উপস্থিত হয়েছেন।


এই তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত ও সাক্ষ্যগ্রহণে উঠে আসে—ধানমন্ডিতে প্লট থাকা সত্ত্বেও তা গোপন রেখে পূর্বাচলে রাজউকের প্লট নেওয়া হয়, যা রাজউকের নিয়ম ও নীতিমালা লঙ্ঘন করে সম্পন্ন হয়েছিল। অভিযোগ আছে, এসব বরাদ্দ অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়।


শুরু থেকেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল আদালতে অনুপস্থিত রয়েছেন। গত রোববার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করা হয়।


দুদকের আইনজীবীরা মনে করছেন, অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড।


এদিকে, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরেক মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর।