রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৬। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল অঞ্চল। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
উল্লেখযোগ্য যে, গত ২১ নভেম্বর থেকে পরদিন শনিবার পর্যন্ত প্রায় ৩১ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার সকালের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ওই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যু হয়।