খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাশিয়া দূতাবাসের ফুলেল শুভেচ্ছা
বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছে ঢাকাস্থ রাশিয়া দূতাবাস। রবিবার রাশিয়ান রাষ্ট্রদূতের পক্ষ থেকে ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তা পাঠানো হয় গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়ে। দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তোড়া ও পত্রটি পৌঁছে দেন, যা গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
গত সাত দিন ধরে ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতায় রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। শুক্রবার দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজন করে বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শনিবার গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার অবস্থা শুক্রবারের মতোই সংকটাপন্ন ছিল। তিনি আরও বলেন, বর্তমান শারীরিক জটিলতার কারণে এখনই বিদেশে নেওয়া সম্ভব নয়। তবে অবস্থার উন্নতি হলে বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ভিসা ও অন্যান্য প্রস্তুতি আগেই সম্পন্ন রাখা হচ্ছে।