তারেক রহমান ফিরে আসতে চাইলে এক দিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন—তা সরকারের জানা নেই। দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে বাধা দেবে—এমনটা অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিবর্তন ঘটেছে, তার সঙ্গে মানিয়ে নিতে ভারতের কিছুটা সময় লাগছে। তবে তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের ওয়ার্কিং রিলেশন দ্রুতই স্বাভাবিক হবে।
তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে আছেন—এ তথ্য দিল্লির কাছ থেকে জানা গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক তথ্য বা ফেরত পাঠানো নিয়ে কোনো আলোচনা হয়নি।
শেখ হাসিনা ইস্যুতে তৌহিদ হোসেন বলেন, ভারত তাঁকে ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক এতে বাধাগ্রস্ত হবে না। দণ্ডিত হওয়ায় তাঁকে দ্রুততম সময়ে দেশে ফেরত পাওয়া যাবে বলে বাংলাদেশের প্রত্যাশা।
পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, আগের সময়ে আওয়ামী লীগ সরকার তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখেনি। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এখন ইসলামাবাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনর্গঠনে কাজ করছে।