বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ৩ বছর বাড়ছে মেট্রোরেল-৬ প্রকল্পের মেয়াদ, কমছে ব্যয় ৭৫৫ কোটি টাকা

৩ বছর বাড়ছে মেট্রোরেল-৬ প্রকল্পের মেয়াদ, কমছে ব্যয় ৭৫৫ কোটি টাকা

favicon
অনলাইন সংস্করণ
৩ বছর বাড়ছে মেট্রোরেল-৬ প্রকল্পের মেয়াদ, কমছে ব্যয় ৭৫৫ কোটি টাকা

সহসাই কমলাপুর পর্যন্ত যাচ্ছে না এমআরটি লাইন-৬। প্রকল্পের সময়সীমা আরও ৩ বছর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, তবে ব্যয় কমানো হচ্ছে প্রায় ৭৫৫ কোটি টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছে, যা এই প্রকল্পের তৃতীয় সংশোধনী।


সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়।


সংশোধিত প্রস্তাব অনুযায়ী, বিজয় সরণি, ফার্মগেট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মতিঝিল স্টেশনের প্রবেশ ও প্রস্থান কাঠামোর জন্য অতিরিক্ত ৩.৫৬ হেক্টর জমির প্রয়োজন নেই। এতে সাশ্রয় হচ্ছে ১,১২১ কোটি টাকা। এছাড়া উত্তরা উত্তর, উত্তরা মধ্য, আগারগাঁও ও মতিঝিল স্টেশনে চারটি স্টেশন প্লাজা নির্মাণের পরিকল্পনা বাতিল করায় আরও ১৬৫ কোটি টাকা কমবে।


এ ছাড়া মূল লাইন, সিভিল ও স্টেশন নির্মাণে ১১৬ কোটি টাকা, ইলেকট্রিক ও মেকানিক্যাল (ইঅ্যান্ডএম) ও রেলওয়ে ব্যবস্থাপনায় ৯০ কোটি ৪৫ লাখ টাকা এবং পুনর্বাসন পরামর্শ সেবায় প্রায় ৩ কোটি টাকা ব্যয় হ্রাসের প্রস্তাব করা হয়েছে।


তবে প্রকল্পের সময়সীমা ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে ডিএমটিসিএল। চলতি বছরের ৩১ ডিসেম্বর প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার সম্প্রসারণ কাজের কারণে সময়সীমা বাড়ানো প্রয়োজন হচ্ছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার অংশ ইতোমধ্যে চালু রয়েছে।


সংশোধনী অনুমোদন হলে প্রকল্পের মোট ব্যয় দাঁড়াবে ৩২ হাজার ৭১৮ কোটি টাকা। পরিকল্পনা কমিশন আরও জানায়—বেতনভাতা, পরামর্শক ব্যয়, স্টেশনারি ও বিদেশি ঋণের সুদ পরিশোধে অতিরিক্ত ২৭০ কোটি টাকা ব্যয় বাড়ছে।