বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শুরু হলো বিজয়ের মাস: ১ ডিসেম্বর বাঙালির গৌরব ও মুক্তিযুদ্ধের স্মরণ

শুরু হলো বিজয়ের মাস: ১ ডিসেম্বর বাঙালির গৌরব ও মুক্তিযুদ্ধের স্মরণ

favicon
অনলাইন সংস্করণ
শুরু হলো বিজয়ের মাস: ১ ডিসেম্বর বাঙালির গৌরব ও মুক্তিযুদ্ধের স্মরণ

আজ ১ ডিসেম্বর—শুরু হলো বাঙালির গৌরবময় বিজয়ের মাস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মহান মুক্তিযুদ্ধ, যার মধ্য দিয়ে লাখো মানুষের আত্মত্যাগে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় আসে সেই ডিসেম্বরেই, পূরণ হয় বাঙালি জাতির দীর্ঘদিনের আরাধ্য স্বপ্ন।


বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া বহু ঘটনা চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। পাকিস্তানি হানাদার বাহিনী প্রাণ বাঁচাতে আত্মসমর্পণের পথ খুঁজতে থাকে, আর বাংলাদেশ এগিয়ে যেতে থাকে স্বাধীনতার দোরগোড়ায়। শেষ পর্যন্ত রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়।


মুক্তিযুদ্ধের ইতিহাসে ১ ডিসেম্বরও একটি গুরুত্বপূর্ণ দিন। সেদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দিল্লিতে রাজ্যসভার অধিবেশনে বলেন, উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে পাকিস্তানি সৈন্যদের বাংলাদেশ থেকে দ্রুত প্রত্যাহার করতে হবে। তিনি মনে করেন, এই পদক্ষেপই সমস্যার সর্বোত্তম সমাধান হতে পারে।


নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওই সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গেরিলা আক্রমণ বেড়ে যাওয়ায় পাকিস্তানি সেনারা আরও নৃশংসভাবে নিরীহ মানুষের ওপর হামলা বাড়ায়। বুড়িগঙ্গা নদীর ওপারে জিঞ্জিরায় একদিনেই ৮৭ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করা হয়।

পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি আড়াল করতে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে বলে প্রচার করলেও এসব ষড়যন্ত্র বাঙালিকে বিজয়ের পথ থেকে সরাতে পারেনি।


এবারও এসেছে ডিসেম্বর—বিজয়ের মাস, নতুন স্বপ্ন, গণতান্ত্রিক অভিযাত্রা ও মুক্তির প্রত্যাশা নিয়ে।


বিডি প্রতিদিন/কামাল