তারেক রহমানের দেশে ফেরায় আইনগত বাধা নেই: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনগত বাধা রয়েছে বলে তার জানা নেই। প্রয়োজন হলে দেশে ফেরার বিষয়ে এবং নিরাপত্তার বিষয়ে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা আরও বলেন, তারেক রহমান নিজেই উপযুক্ত সময় নির্ধারণ করার সক্ষমতা রাখেন। সে সময়ই তিনি দেশে ফিরবেন বলেই তিনি বিশ্বাস করেন।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা প্রশ্ন তোলা প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, ‘এ ধরনের মন্তব্য বা প্রশ্ন আমার কাছে অরুচিকর মনে হয়। এটি মা-ছেলের সম্পর্ক—এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা বা তারেক রহমান ব্যক্তিগতভাবে কী ভাবছেন, সে বিষয়ে পূর্বধারণা বা মন্তব্য করা উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে ভালো তারেক রহমান ও বেগম খালেদা জিয়াই জানেন—কখন দেশে ফেরা উপযুক্ত এবং কোন পদক্ষেপ কখন নেওয়া উচিত।’