খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলির আগমন, চীন থেকেও আসছে চিকিৎসক দল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। তার তত্ত্বাবধানে চিকিৎসা শুরুর পর খালেদা জিয়া ইতোমধ্যে সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, যুক্তরাজ্যের দলের পাশাপাশি চীন থেকেও আজ আরও একটি চিকিৎসক দল ঢাকায় আসার কথা রয়েছে।
গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার সাম্প্রতিক শারীরিক অবস্থা জানাতে গিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান। তিনি বলেন, বিদেশে নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উন্নতি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দ্রুত দেশে ফিরবেন বলে জানা গেছে। এভারকেয়ার হাসপাতালে ইতোমধ্যেই এসএসএফ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।