অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়াল ব্যবসায়ীরা: পদক্ষেপ নেবে সরকার
বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। এ ঘটনায় আইনসঙ্গত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, সরকার বাজারদরের চেয়ে ২০ টাকা কম দামে ব্যবসায়ীদের কাছ থেকে ভোজ্য তেল কিনেছে। কিন্তু তারা বাজারে প্রতি লিটারে ২০ টাকা বেশি দামে বিক্রি করছেন। দাম বাড়ানোর যৌক্তিক কারণ থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে, তবে অযৌক্তিক মূল্যবৃদ্ধি মন্ত্রণালয় মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। এ বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে ব্যাখ্যা চাইবে সরকার।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম ৯ টাকা বাড়ানো আইনের লঙ্ঘন এবং এতে ভোক্তাদের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, বাজার মনিটরিং যথাযথভাবে হচ্ছে না।