ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যার মামলায় নিশি রহমান কারাগারে
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নিশি রহমানকে গ্রেপ্তারের পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী থানা থেকে তাকে পাবনার আমলি আদালত-২ এ হাজির করা হলে বিচারক তরিকুল ইসলাম এই নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে একমাত্র আসামি করে মামলা করেন। পরে রাত দেড়টার দিকে পৌর সদরের একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নিশি রহমান হলেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশি রহমান জানান, কুকুরের আওয়াজে বিরক্ত হয়ে তিনি ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরপাড়ে রেখে যান, তবে কে বস্তাটি পানিতে ফেলেছে তা তিনি জানেন না। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।
জানা যায়, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে দীর্ঘদিন ধরে থাকা কুকুর ‘টম’ এক সপ্তাহ আগে আটটি ছানা প্রসব করে। সোমবার সকাল থেকে ছানাগুলো নিখোঁজ হলে টমকে উদ্বিগ্ন অবস্থায় খুঁজতে দেখা যায়। পরে উপজেলা কর্মচারীরা জানতে পারেন, রবিবার রাতের কোনো এক সময় ছানাগুলোকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সোমবার সকালে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটির পর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে গেজেটেড কোয়ার্টার ছাড়তে নির্দেশ দেওয়া হয়, এবং তারা মঙ্গলবার বিকেলে বাসা খালি করেন।